Tuesday, February 21, 2023

প্রতিদান

দান ও অবদান
অনেকটা যেন এক ছাদের তলায় থেকেও আলাদা থাকা
আমি শুনেছি প্রত্যক্ষ এমন উদহারণ
আজ পেরিয়ে এসেছি আমিও অনেক জীবন!

কিছু মানুষ সঞ্চয়ী
কিছু অপব্যয়ী
আবার কিছু উদাসীন
ওদের অনেক থাকলেও পেতে চায়
আবার কিছু না থাকলেও কিছু এসে যায়না!

অবদান রাখে এমন মানুষ মুষ্টিমেয়
হাত পেতে চায় এমন মানুষ অনেক ;
বিবিধতার এই টানাপোড়েন
নাড়ি ছেড়া থেকে অবশিষ্ট নাভি!

সঞ্চয় কি সত্যি কিছু থাকে
উত্তরাধিকার কি কেবলি ঐতিহ্য
কে নেবে তবে অসম্পূর্ণতা?

অসহিষ্ণু'তা কে বরন করবে কে
তোমরা যারা প্রতিদান চাও
ফেরাতে পারবে কি হারানো শৈশব! - ২২.০২.২০২৩

(জীবনী - ৬৬)

Tuesday, February 7, 2023

অবহেলা

ঢেউ এসে যেভাবে
খেলাঘর ভাঙে মোহনায়
অবহেলা সম্পর্কে বিশ্বাস!

অক্ষয় সঞ্চয় সময়
তার সামান্য ঋণ
অহম সময়ের দ্বাররক্ষক
সূর্যাস্তে ম্রিয়মান সেসব!

অন্ধকার নামলে আলো'র খোঁজ
ইন্ধন ফুরিয়ে গেছে
জীবাশ্ম জ্বালানি অগত্যা!

নিথর দেহ পরে থাকে
শেষ যাত্রা'র শেষে স্মৃতি'র রেশ
ভাঙা আয়নায়
বিফল পূর্ণতা সন্ধান!

পুরুষতন্ত্র আনে ঔদ্ধত্য
অঙ্গাঙ্গি অজ্ঞানতা
শিক্ষিত হোক বরং নারী!

সমঝোতা নয় অবহেলা নয়
নবজাগরণে তুমি দিও সরস্বতী
পৌরুষ বড্ড অনিশ্চিত
মাতৃ তত্ত্ব হোক মাতৃতন্ত্র!

জীবনী -৬৫

Thursday, February 2, 2023

সংঘর্ষ

ব্যর্থ অভিপ্রায়
বিচলিত করেনা
চোখের তারায় যত স্বপ্ন
তারাই বেঁচে থাকা'র ইন্ধন!

মানুষ হারতে হয়
হারাতে হয় আরও বেশি
অভিনয় নয়
অভিজ্ঞান ও অভিযোজন
জীবনের দুই স্তম্ভ!

জীবন সচরাচর সাবলীল নয়
সেখানে ঊষর মরু থাকে
থাকে আগ্নেয়গিরি
আবার ঝর্ণা নামে
রাত বিশেষে জ্যোৎস্না প্লাবিত করে!

যখনই ফিরে দেখি
কত কী ফেলে আসা
ফাঁকা ফ্রেম পুরোনো প্রেম
ধুলো জমেছে বইয়ের মলাটে!

অন্তরালে দাঁড়িয়ে সে দেখছে
আমি হারছি না
হাত বাড়ানো যেত
প্রতিশ্রুতি'র তাতে অপমান
অভিমানের সেলফোনে
সময়ের কলার' টিউন
"বোবাটানেল" ওরফে "সংঘর্ষ" !


জীবনী -৬৪