Wednesday, December 5, 2018

শীত

গরমের ছুটি যেমন
শৈশবের অমোঘ প্রাপ্তি !
শীত তেমনি জীবনের 
যৌবন এর গুপ্তধন
আবার বার্ধক্যের সঞ্চয় !

ছোটবেলায় শীত বলতে
প্রথমেই বলি দিল্লি'র কথা
বলাবাহুল্য
ঘনতর কুয়াশা
যান চলাচল বন্ধ
স্কুলের ছুটি
ঘরের মধ্যে
হিটারে তাপ নেওয়া !
খাবারের মধ্যে
কষা মাংস বা মটন সাথে পোলাও
অনস্বীকার্য বড়দিনে'র বুক ধুকপুক !

মনে আছে সেবার যখন শেষ বার
বড়দিনের কেক এনেছিলো বাবা
আসলে,প্রত্যাশিত ছিলোনা বলেই
হয়তো দিনটা ভোলা'র নয় !
গোটা বাক্স ভর্তি পেস্ট্রি
কম-বেশি ১০-১২ টা  একসাথে
নিশ্চই কারও কাছ থেকে
ধার করে এনেছিলো
জানতাম
বাবার কাছে পয়সা হওয়ার কথা নয়
তাই আশা ছিলোনা
সে বছর কেক আসবে !

বাবা নিরাশ করেনি
তারপর না জানি কতই
বড়দিন এলো-গেলো ; আসবে বা যাবে
জানি সে দিনের  মতো আনন্দ
কখনও আর ফিরে আসবেনা !

এখন অনেক বছর পেরোনো সেই আমি
অনেকটা পরিণত
প্রত্যাশা 'টা তেমন রাখিনা
জানি কেউ কথা রাখেনা
বা বলি কথা রাখার দায় -বোধ সবার থাকেনা !

শীত বলতেই
আমার চোখে মোহনা ভাসে
বা বলি উজান
যেন সারি সারি পাখি ফিরে যাচ্ছে
নীড়ে
সূর্য অস্তে যাচ্ছে
দিন মিলিয়ে যাচ্ছে রাত্রির বুকে !

মহাশ্মশানে
এক বিন্দু আলোর শিখা জীবন
জীবনের কথা লিখছে
আজ এক অন্য জীবন !-০৫.১২.২০১৮

(জীবনী - ৫৬)

Monday, November 26, 2018

উত্থান পতন

আকাশে তাকিয়ে
তারা গুনতাম একটা 
সময় ছিলো !

বুঝিনি সেদিন আমিও তাদেরই একজন
না বহির্বিশ্বের অঙ্গ বলে নয়
কারণ মানব সম্প্রদায়ের
নই আমি !

অন্য অনেকের কাছেই 
এ উপলব্ধি সময়সাপেক্ষ !
সম্পর্কের বাঁধন গুলো আলগা হতে থাকে
শুকিয়ে আসে আঠা
বা বলি
জল পায়না তৃষ্ণা
বালুচর ক্রমশঃ মরুভুমি রূপ নেয় !

মরুদ্যান থাকে
তবে মরীচিকাও অগ্রাহ্য করার নয় !
আশ্রয় পায়না পথিক
মাথার উপর আকাশ
পায়ের নিচে মাটি এটুকুই ভরসা !

সহজে অবশ্যই বন্ধন
মুছে ফেলা যায়না
সময় লাগে আলগা হতে
সরীসৃপ থেকে খেচর
কখনও বা মোহনায় উভচর !

তারা গোনা'র অবকাশে
কিছু তারা খসে যায়
হিসাব মেলেনা কোনোদিনই !
নবজাতক তবুও
অদম্য উৎসাহে খোঁজে
আকাশের ঠিকানা
একদিন আমিও লিখবো
শেষের সপ্তপদী
অনন্ত ছাড়িয়ে আমার চিঠি
পৌঁছাবে আকাশ গঙ্গায় !

সংকীর্ণতা থাকবেনা সেখানে
আমার সত্তা উৎসর্গ
অসীম তোমাকে !-২৬.১১.২০১৮

(জীবনী - ৫৫)




Friday, November 23, 2018

অনুসন্ধিৎসা

জীবন পিছুটান নাকি
ফিরে আসা
বিনিময় অবশ্যই এর অন্য নাম !

পরিচয় দিয়ে যা শুরু
মাটি তে মিশে যাচ্ছি  "আমি "
সৌজন্যে
"চিতা"/"কবর" বা "অবহেলা "
দেখছি আমার "আমি"
নির্বিকার
নিরুত্তাপ
এমনি এক প্রশান্ত উপলব্ধি !

আজ বলি আমার অনুসন্ধিৎসার কথা
অনুসন্ধিৎসা মানব প্রবৃত্তির মুলে
আমারও তাই
প্রতিটি মানুষ অনুসন্ধানী
অনুসন্ধিৎসা প্রতিটি মানুষের নিজস্ব
মনের গোপনে প্রতিটি মানূষ খুঁজছে
আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি !

 খুব কম বয়েস থেকেই
আমার মাথায় জট পাকাতো এমনি অনেক প্রশ্ন
যার উত্তর হয়তো বিজ্ঞানেরও অজানা !
অতীতের অভিজ্ঞান
ভবিষ্যতের অনিশ্চয়তা
বর্তমানের বিমূর্ততা
চিরদিনই আমার কাছে অবাক জলপান !

জ্ঞানারোহন বা জ্ঞান গহন
আমি আরোহী আবার কখনও ডুবুরি
অমোঘ নেশা
শুধু জানা নয়
যা জানি তার সাক্ষ্য প্রমান পাওয়া !
আবিষ্কারের প্রতিটি মুহূর্ত জীবন
চাক্ষুস সত্য থেকে অনিবার্যতা'র অনতিক্রম্য পথ পরিক্রমণ করা !

আমি কেন্দ্র নই
আমি অক্ষ নই
আমি স্রষ্টা'র সৃষ্টি
যা কিছু উত্তরাধিকার
পরিসীমা ও মাধ্যাকর্ষণ
অনন্তের যাত্রা;অনন্ত অধীন জীবন
ঋণস্বীকার সৃষ্টির কাছে
নতজানু বারে -বার
"তোমায় হৃদ-মাঝারে রাখবো
ছেড়ে দেবোনা " ! - ২৩.১১.২০১৮

(জীবনী-৫৪)